যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ককে অবৈধ ও এখতিয়ারবহির্ভূত ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই তিনি এই পাল্টা ঘোষণা দেন।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল। এর কোনো বিচারও হচ্ছিল না (যতক্ষণ না আমি ক্ষমতায় এসেছি)। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।”
তিনি আরও বলেন, এই শুল্ককে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে। যদিও যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকার কথা। তারপরও এটি অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমোদন লাগবে।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করার পর তিনি প্রথমে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। কয়েক ঘণ্টার মধ্যেই তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন। ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকে আদালতের রায়ের প্রতি প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই শুল্ক বিভিন্ন দেশের ওপর আরোপিত হবে এবং এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য করা হচ্ছে। তবে এর ফলে বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































