বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’ আজ বৃহস্পতিবার ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’
এর আগে ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজকে একটি ‘কালো দিন’ বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং এখন টিভির চারজন সাংবাদিক—মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন ও মোহাম্মদ আজহারুজ্জামানকে ‘জোরপূর্বক চাকরিচ্যুত’ করার ষড়যন্ত্র করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রীর কুশল বিনিময়
সাদিক কায়েম বলেন, ‘ঘটনার পরিক্রমায় যতদূর জানলাম, তাদের কাউকে জোরপূর্বক অফিস থেকে বের করা হয়েছে, আবার কাউকে কাউকে অফিস প্রাঙ্গণে ঢুকতেই দেওয়া হয়নি।’



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































