গয়েশ্বর চন্দ্র রায়-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সতর্ক করে বলেছেন, ফ্যাসিবাদের অবসান হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশনের আয়োজনে ‘জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর আরও বলেন, “যাদের মৌলবাদী বলা হয়, তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করছে। তাদের সঙ্গে থাকলে বেহেশত, না থাকলে দোজখ—এমন প্রচার চলছে। কিন্তু তারা নিজেরা বেহেশতে যাবে কিনা, তা জানে না।”

তিনি সতর্ক করে বলেন, সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন হবে এবং জনজীবন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এই শক্তি মুক্ত চিন্তা ও প্রতিভার বিকাশে বাধা দেবে। তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, তবে ধর্ম ও রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই। ধর্মে পাপ যা, রাষ্ট্রের আইনে তা অন্যায়। উভয়ের শাস্তির ধারা নির্দিষ্ট।

তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের প্রশাসনই এখনো সব চালাচ্ছে। হাসিনার সময়ে পোস্টমর্টেম করে বিরোধীদের বের করে দেওয়া হতো, এখন সচিবালয়ে এত বিএনপি-জামায়াত কীভাবে?”

মিডিয়ার স্বাধীনতা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “মিডিয়া স্বাধীন হলেও দায়িত্বশীল হতে হবে। যা খুশি তাই বলার স্বাধীনতা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।” তিনি প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর) ব্যবস্থার সমালোচনা করে বলেন, “নেপাল ও পাকিস্তানে পিআর-এর কারণে অস্থিরতা। আমাদের নিরঙ্কুশ গণতন্ত্র দরকার।” বিএনপি নেতা তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “ভোট আপনার, আপনিই দেবেন। আমরা ভোটের অধিকারের জন্য লড়ছি।”

আরও পড়ুন: বহুদলীয় গণতন্ত্র বিএনপি প্রবর্তন করেছে: ফখরুল

আয়োজক সংগঠনের আহ্বায়ক আহমেদ হুসেইনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল হক দেওয়ানের পরিচালনায় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান সেগুন বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *