হরমুজ প্রণালি-hormuz strait-newsedge24

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যত তেহরানের হাতেই থাকবে।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই জলপথ আর আগের অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এর ব্যবস্থাপনা ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধীনে থাকবে।”

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খোলা রাখা, লেবাননে সংঘাত নিরসন এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে প্রাথমিক সম্মতিতে পৌঁছেছে।

দেশে ফেরার পথে গালিবাফ বলেন, আলোচনা ইতিবাচক ছিল। হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এখনো প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অনেক কাজ বাকি আছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের পুনরায় কার্যক্রম চালানোর অনুমতি দিতে সম্মত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র কিছু ইরানি তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে।

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুসারে, সমঝোতার পর সোমবার থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আগের তুলনায় বেশি স্বাভাবিক হয়েছে। তবে আঞ্চলিক উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *