যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনার জেরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে। একজন শীর্ষ অভিবাসন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ‘মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা’ বিভাগের পরিচালক জোসেফ এডলো শুক্রবার এক্সে পোস্ট করে বলেন, “প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই-বাছাই না করা যাওয়া পর্যন্ত আশ্রয় আবেদনের সব সিদ্ধান্ত স্থগিত থাকবে।”
ঘটনাটি বুধবার দুপুরে ঘটে। ন্যাশনাল গার্ডের ২০ বছর বয়সী স্পেশালিস্ট সারাহ বেকস্ট্রম ও ২৪ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ হোয়াইট হাউসের কাছে গুলিতে গুরুতর আহত হন। ট্রাম্প বৃহস্পতিবার জানান, বেকস্ট্রম মারা গেছেন।
অ্যাটর্নি জিনিন পিরোর কার্যালয় জানিয়েছে, অভিযুক্ত ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে এখন প্রথম-ডিগ্রি হত্যার একটি অভিযোগ এবং অস্ত্রসহ হত্যাচেষ্টার দুটি অভিযোগ আনা হয়েছে। লাকানওয়াল ২০২১ সালে বাইডেন প্রশাসনের অপারেশন অ্যালাইজ ওয়েলকামের মাধ্যমে আসেন এবং ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প প্রশাসনের অধীনে আশ্রয় পান।
আরও পড়ুন: তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থগিতের পরিকল্পনা ট্রাম্পের
ট্রাম্প বলেছেন, এটি ‘তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসন’ বন্ধ করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি। শুধু আফগানদের আশ্রয় আবেদন স্থগিত করা হয়নি, বাইডেন যুগে অনুমোদিত সব আশ্রয় কেস পর্যালোচনা করা হবে। এছাড়া ১৯টি দেশ থেকে গ্রিনকার্ড ও অন্যান্য অভিবাসন অনুরোধও স্থগিত।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































