trump-musk-newsedge4

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে গেছে এবং তিনি এটি পুনরুদ্ধারে আর আগ্রহী নন। গত শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাস্কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক কি শেষ হয়ে গেছে? জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি তা–ই ধরে নিচ্ছি।” সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “না।”

এই মন্তব্য ট্রাম্প ও মাস্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য বিরোধের সর্বশেষ প্রকাশ। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুদান দিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মাস্ক হোয়াইট হাউসে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সম্প্রতি মাস্ক ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করে এটিকে “জঘন্য” বলে কটাক্ষ করেন।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। জানি না, সেটা আর থাকবে কি না।” তিনি আরও বলেন, “আমি ভীষণ হতাশ। কারণ, এখানে উপস্থিত অন্য যে কারও চেয়ে তিনি এ বিলের খুঁটিনাটি ভালো জানতেন। হঠাৎই এটি নিয়ে তাঁর সমস্যা শুরু হয়েছে।” তবে, মাস্ক ট্রাম্পের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

ট্রাম্পের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক একাধিক পোস্ট দেন, যেখানে তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। মাস্ক দাবি করেন, ট্রাম্প ‘এপস্টেইন ফাইল’-এ জড়িত, যদিও তিনি এর কোনো প্রমাণ দেননি।

এনবিসির সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, মাস্ক প্রেসিডেন্টের কার্যালয়ের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *