আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জনের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল আসবে বলে জানিয়েছেন ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মিসিন্তা লাসে, আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা।

ইয়াবস বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ স্বচ্ছ। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।”

তিনি জানান, ইইউয়ের একটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল গত ডিসেম্বরের শেষভাগ থেকে বাংলাদেশে অবস্থান করছে। নির্বাচনের মূল দিন ১২ ফেব্রুয়ারি নাগাদ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জনের বড় দল যোগ দেবে।

বৈঠকে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ আখ্যা দিয়ে ইয়াবস বলেন, কমিশন দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করবে বলে আশা করি। ২০২৪ সালের আগস্টের পটপরিবর্তনের পর এই নির্বাচন বাংলাদেশের জন্য ঐতিহাসিক। পূর্ণাঙ্গ সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং কমিশন এটিকে গুরুত্ব দিচ্ছে।

পর্যবেক্ষণের মূল ফোকাস থাকবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, অবাধ-সুষ্ঠু ব্যালট পরিচালনা এবং সামগ্রিক নির্বাচনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর। তারা শুধু ঢাকা নয়, প্রত্যন্ত অঞ্চলেও পর্যবেক্ষণ চালাবেন।

ইইউ মিশনের কর্মপরিকল্পনা ও প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরতে আগামী রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর রেনেসাঁ হোটেলে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *