বদরুদ্দীন উমরের মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের শোক-newsedge4

প্রখ্যাত লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বিএনপির দুই শীর্ষ নেতা বলেন, “বদরুদ্দীন উমর ব্রিটিশ ভারতের খ্যাতনামা রাজনীতিক আল্লামা আবুল হাশিমের সন্তান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে তিনি রাজনীতিতে আসেন। জীবদ্দশায় তাকে রাজনৈতিক জীবন্ত কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হতো।”

তারা আরও বলেন, “ভাষা আন্দোলনের ইতিহাস এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস তৈরিতে তিনি ছিলেন বিদ্যাপীঠসম। সর্বশেষ স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে তাঁর তাত্ত্বিক অবস্থান নতুন প্রজন্মকে মুক্তির এক নতুন দিশা দিয়েছে।”

বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন, “বদরুদ্দীন উমর ছিলেন চিন্তাশীল রাজনৈতিক অভিভাবক। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।” তারা আরও বলেন, “গুণি চিন্তাশীল রাজনীতিক মরহুম বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার শোক কাটিয়ে উঠতে মহান আল্লাহ সাহায্য করুন এবং তাঁকে বেহেশত নসিব করুন।”

আরও পড়ুন: মারা গেলেন বদরুদ্দীন উমর

রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯৪ বছর বয়সে বদরুদ্দীন উমর ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *