বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বছরের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। শুক্রবার লন্ডনে তাদের মধ্যে দেড় ঘণ্টার এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান একটি যৌথ বিবৃতি পড়ে শোনান।
বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে ২০২৬ সালের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তুলে ধরেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই সময়কে নির্বাচনের জন্য উপযুক্ত মনে করেন। জবাবে ড. ইউনূস জানান, তিনি আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সংস্কার ও বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি অর্জিত হলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন সম্ভব।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান। ড. ইউনূসও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ দেন।
বিবৃতি পড়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে দেশে আলোচনা চলছে এবং ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। সংস্কারের বিষয়েও একই অবস্থানের কথা তিনি উল্লেখ করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































