স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে, জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। তিনি বলেন, “অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আমরা প্রায় সব অস্ত্র উদ্ধার করে ফেলবো।”
শনিবার (২৩ আগস্ট ২০২৫) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, “জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।” তিনি নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা শক্ত হাতে দমনের প্রতিশ্রুতি দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, অস্ত্র উদ্ধার শুধু নির্বাচনের সময় নয়, সব সময়ই অব্যাহত থাকবে। তিনি বলেন, “শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।” অতীতে নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র প্রবেশের প্রবণতা দেখা গেলেও, এবার তা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে আমাদের যেইসব জনগণ আছে, তারা কিন্তু খুবই সচেতন।” তিনি সীমান্ত এলাকার জনগণের সচেতনতার প্রশংসা করেন এবং এটিকে নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































