প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সন্দেহ বা অনিশ্চয়তা নেই। সব ধরনের বাধা ও সংশয় দূর হয়েছে।
তিনি আরও বলেন, ‘অনেক বছর পর আমরা একটি সত্যিকারের নির্বাচন প্রত্যক্ষ করব। গত ১৬ বছরে হাসিনার শাসনামলে আমরা শুধু প্রহসনের নির্বাচন দেখেছি। এবার আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। এটি হবে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন।’
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনী উত্তেজনা শুরু হয়েছে। জামালপুরের হালুয়াঘাটে নেতাদের প্যানা-পোস্টার দেখেছি। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে প্রার্থী ঘোষণা শুরু করেছে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে সব দল যখন প্রার্থীদের নাম চূড়ান্ত করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও উৎসবমুখর হয়ে উঠবে।’
জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদের বিষয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ অক্টোবর সব দল এই সনদে স্বাক্ষর করবে।’
আলোকচিত্রী শহিদুল আলমের প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি ইসরায়েল থেকে তুরস্কের একটি বিমানে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর খোঁজখবর সার্বক্ষণিক রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছানোর পর তাঁর সঙ্গে কথা বলে জানা যাবে তিনি কবে বাংলাদেশে ফিরবেন।’
এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































