প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। রোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি উড্ডয়ন করে।
মির্জা আব্বাসের ভাগিনা ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
ফ্লাইটটি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) অবতরণ করবে, যেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন ধরে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
মির্জা আব্বাসের পরিবার, বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































