সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না বলে তার পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে যুবরাজের যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে তাকে অভ্যর্থনা জানাতে গিয়েই এমন মন্তব্য করেন ট্রাম্প। খবর এএফপি।
ওভাল অফিসে এক সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সাংবাদিক সৌদি যুবরাজকে ‘বিব্রত’ করেছেন এবং খাসোগিকে ‘অত্যন্ত বিতর্কিত’ ব্যক্তি বলেও মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “ঘটনা ঘটেছে, কিন্তু যুবরাজ এ বিষয়ে কিছুই জানতেন না। এখানেই বিষয়টি শেষ হওয়া উচিত।”
২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর খাসোগিকে নির্মমভাবে হত্যা ও দেহ টুকরো টুকরো করে ফেলা হয়। ২০২১ সালের মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছিল, যুবরাজ মোহাম্মদই হত্যার নির্দেশ দেন। কিন্তু এবার ট্রাম্প স্পষ্ট করে জানান—ওই মূল্যায়নকে পাশ কাটিয়ে তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই আগ্রহী।
সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিনিময় এবং এফ–৩৫ বিক্রির অনুমোদনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। ট্রাম্প যুবরাজকে ‘ভালো বন্ধু’ বলে আখ্যায়িত করে মানবাধিকার ইস্যুতেও প্রশংসা করেন।
ট্রাম্প আরও দাবি করেন, এবিসি নিউজের লাইসেন্স বাতিল করা উচিত—কারণ তাদের সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি এটিকে ‘নিকৃষ্ট কোম্পানি’ বলেও গালাগাল করেন।
খাসোগির বিধবা স্ত্রী হানান এলাতার বলেন, “আমার স্বামীকে হত্যার কোনো অজুহাত হতে পারে না।” তিনি যুবরাজকে দেখা করার, ক্ষমা চাওয়ার ও ক্ষতিপূরণের দাবি জানান।
সৌদি যুবরাজ জানান, খাসোগি হত্যা ছিল ‘বেদনাদায়ক’ এবং ‘বড় ভুল’। তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন, তবে তার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ‘সুস্পষ্ট পথ’ প্রয়োজন বলে উল্লেখ করেন।
সফরের অংশ হিসেবে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে সৌদি আরবে খেলছেন এমন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিত থাকার কথা জানানো হয়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































