থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার পরও গোলাগুলি অব্যাহত রয়েছে। শনিবার (২৬ জুলাই, ২০২৫) স্কটল্যান্ডে ব্যক্তিগত সফরের ফাঁকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য চাপ দিয়েছেন। তিনি দাবি করেন, উভয় দেশ দ্রুত বৈঠক করে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ট্রাম্পের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এই মধ্যস্থতা বহু সেনা ও বেসামরিক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। তিনি তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেন। অন্যদিকে, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে যুদ্ধবিরতির নীতিগত সমর্থন দেন। তবে তিনি জানান, কম্বোডিয়ার আন্তরিকতা প্রমাণ না হওয়া পর্যন্ত এবং আলোচনার মাধ্যমে সমাধান না আসা পর্যন্ত থাইল্যান্ড পূর্ণ যুদ্ধবিরতিতে যাবে না।
আরও পড়ুন: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষ: সীমান্ত বন্ধ
ট্রাম্পের মধ্যস্থতা ও উভয় দেশের নেতার ইতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও শনিবার রাতভর এবং রোববার সকালে সীমান্তে গোলাগুলি অব্যাহত ছিল। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কম্বোডিয়া বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে, যা মানবাধিকার ও মানবিক আইনের লঙ্ঘন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে, থাইল্যান্ড ঐতিহাসিক মন্দির কমপ্লেক্সে ভারী কামান হামলা ও স্থল আক্রমণ চালিয়েছে।
২৪ জুলাই থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত কমপক্ষে ৩৩ জন সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে থাইল্যান্ডে ২০ জন (১৩ বেসামরিক, ৭ সেনা) এবং কম্বোডিয়ায় ১৩ জন (৮ বেসামরিক, ৫ সেনা)। এছাড়া, থাইল্যান্ডে ১৩১,০০০ এবং কম্বোডিয়ায় ৩৭,৬৩৫ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































