প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-trump-newsedge24

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনার পরিকল্পনা স্থগিত করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কোনো ‘অকার্যকর বৈঠক’ চান না। হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন যে, বর্তমান ফ্রন্ট লাইনে মস্কোর যুদ্ধ বন্ধে অস্বীকৃতিই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। এর আগে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছিলেন, আগামী দিনগুলোতে ট্রাম্প-পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। যদিও বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তারা দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে আলোচনা করবেন।

শান্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রস্তাবের মধ্যে মূল পার্থক্যগুলো এই সপ্তাহে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে, যা একটি শীর্ষ সম্মেলনের সম্ভাবনাকে ম্লান করে দিয়েছে বলে মনে হচ্ছে। ট্রাম্প এবং পুতিন সর্বশেষ আগস্ট মাসে আলাস্কায় আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন, যেখান থেকে কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি। হোয়াইট হাউসের দ্বিতীয় ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্তকে আরেকটি অনুরূপ পরিস্থিতি এড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

একজন প্রবীণ ইউরোপীয় কূটনীতিক রয়টার্সকে বলেছেন, “আমার ধারণা রাশিয়ানরা খুব বেশি কিছু চেয়েছিল এবং আমেরিকানদের কাছে এটি স্পষ্ট হয়ে গেছে যে, বুদাপেস্তে ট্রাম্পের সাথে চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না।” এই সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকের আর প্রয়োজনীয়তা নেই।

গত সোমবার ট্রাম্প কিয়েভ এবং ইউরোপীয় নেতাদের দ্বারা সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছেন, যাতে বর্তমান ফ্রন্ট লাইনে সংঘাত স্থগিত করা যায়। ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন, “লড়াই বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন।” রাশিয়া বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ানদের কাছে এই ধারণাটি বারবার উত্থাপন করা হয়েছে কিন্তু রাশিয়ার অবস্থান পরিবর্তিত হবে না।

আরও পড়ুন: রাশিয়ান তেল কেনা বন্ধ না করলে, ভারতকে বিপুল শুল্ক দিতে হবে: ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত পূর্ব অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে মস্কোর মনোভাব দৃঢ়। মঙ্গলবার সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো কেবল ‘দীর্ঘমেয়াদী, টেকসই শান্তি’তে আগ্রহী, যার অর্থ হল ফ্রন্ট লাইন যুদ্ধ স্থগিত করা কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতি হিসেবে বিবেচিত হবে। এদিকে জেলেনস্কি সবসময়ই বলে এসেছেন, ইউক্রেন এখনও তাদের দখলে থাকা ডনবাসের কিছু অংশ ছাড়িয়ে দিতে রাজি নেই, কারণ রাশিয়া পরবর্তীতে আরও আক্রমণের জন্য এই অঞ্চলটিকে ব্যবহার করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *