জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার জন্য একটি জনসমাবেশের আয়োজন করেছে। বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং ক্লান্ত নেতা-কর্মীদের জন্য পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে।
গত শনিবার (২ আগস্ট) বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এই সমাবেশে ২৪টি ধারার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা তুলে ধরা হবে। ইশতেহারে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, প্রবাসীদের জন্য পরিকল্পনা, নগরায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, এই ইশতেহার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং নাগরিক আন্দোলনের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
এনসিপি জানিয়েছে, গত এক মাসের ‘জুলাই পদযাত্রা’র মাধ্যমে তারা শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের চাহিদার ভিত্তিতে এই ইশতেহার তৈরি করেছে। শহীদ মিনারে সমাবেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘এক দফা দিবস’ উদযাপন করা হবে এবং জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন: জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন
দলটি সরকারের ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে নিজেদের খসড়া ইশতেহার প্রস্তুত রেখেছে। সরকার ঘোষণাপত্র প্রকাশ করলে তারা এর বিভিন্ন দিক নিয়ে প্রতিক্রিয়া জানাবে। এনসিপি আশা করছে, ঢাকা ও ঢাকার বাইরে থেকে এক থেকে দেড় লাখ নেতা-কর্মী এই সমাবেশে অংশ নেবেন।
একই দিনে শাহবাগে ছাত্রদলের সমাবেশের কারণে কিছুটা উত্তেজনার আশঙ্কা থাকলেও, এনসিপি নেতারা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































