স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় নিরীহ ব্যক্তিদের আইনের আওতায় না আনতে সরকারের সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন। তিনি বলেন, “অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা নিরীহ। কোনো নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।” সোমবার ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, “অনেকে পয়সার লোভে নিরীহ ব্যক্তিদের আসামি করে দিয়েছে। বলেছে, ‘তোমাকে এত টাকা দিতে হবে, নয়তো আসামি করে দেবো।’” এ ধরনের চাঁদাবাজির কারণে মামলাগুলোতে অতিরিক্ত সংখ্যক আসামির নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা তদন্তে বিলম্ব ঘটাচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ প্রত্যাশা ‘কাল্পনিক’: গভর্নর
আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতি ভোটকেন্দ্রে পূর্বের দুজনের পরিবর্তে বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া, নির্বাচনে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, “এই ব্যবস্থা প্রিজাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সহায়তা করবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, “দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।” তিনি গণমাধ্যমকে সত্য ও নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে দেশের ইমেজ রক্ষায় অবদান রাখার আহ্বান জানান।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































