ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) তেল শোধনাগারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ঘন কালো ধোঁয়া আকাশ ঢেকে ফেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শোধনাগারে একটি সালফার পিচ ট্যাংকে আগুনের সূত্রপাত হয়। ভিডিওতে দেখা যায়, ট্যাংক থেকে আগুনের শিখা উপরের দিকে উঠছে আর ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।
বিশাখাপত্তমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন শুধু ওই ট্যাংকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শোধনাগারের অন্য কোনো অংশে তা ছড়ায়নি।
এইচপিসিএল এক বিবৃতিতে জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কেউ হতাহত হননি। শোধনাগারের সব ইউনিট নিরাপদে সচল রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ২ নভেম্বর রাত ১০টার দিকে বিশাখ রিফাইনারির পিচ ইন্টারমিডিয়েট স্টোরেজ ট্যাংকে আগুন লাগার খবর পাওয়া যায়। শোধনাগারের অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা দল তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































