ফজলুর_রহমান-BNP-newsedge24

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ বক্তব্য দেন। এ অভিযোগে দলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান বলেন, “আমার দল আমার কিছু কথার ব্যাপারে জানতে চেয়েছে, কেন আমি এসব কথা বললাম। আমি নির্দিষ্ট সময়ে দলকে জবাব দেবো। দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে মেনে নেবো।”

ফজলুর রহমান আরও জানান, সোমবার সকালে তার ভাড়া বাসা কনকর্ডের সামনে সাত-আটজন তরুণ-তরুণী তার বিরুদ্ধে ‘ফজলুকে হত্যা কর, ফজলুর রহমানকে গ্রেপ্তার কর’ ইত্যাদি ‘বিশ্রী’ স্লোগান দিয়েছে। তারা বাসায় ঢোকার চেষ্টাও করেছে বলে অভিযোগ করেন তিনি। শঙ্কা প্রকাশ করে ফজলুর বলেন, “আমি ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক আমাকে থাকতে দেবেন কিনা, তা নিয়ে শঙ্কায় আছি।”

ফজলুর রহমানের বক্তব্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলোকে এর জন্য দায়ী করা ছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তার এই মন্তব্য ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এমনকি তার নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আরও পড়ুন: ফজলুর রহমানকে বিএনপির শোকজ

তিনি দাবি করেছেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তা ভুল প্রমাণিত হলে তিনি ক্ষমা চাইবেন। তবে নোটিশের জবাব দেওয়ার আগে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নন। এ ঘটনা রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে এবং ছাত্র-জনতার পক্ষ থেকে ফজলুর রহমানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *