মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির (এএ) মধ্যে তীব্র সংঘর্ষের শব্দে কেঁপে উঠেছে টেকনাফের হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত টানা ৪ ঘণ্টা গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে বাড়িঘর কাঁপতে থাকে। এতে এপারের কয়েকটি বসতঘরে গুলি এসে লাগে।
স্থানীয়রা জানান, “রাতে হঠাৎ বাড়িঘর কেঁপে উঠলে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। পরে বুঝলাম, মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলি ও মর্টারশেলের শব্দ।” হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, “ভোর থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দে পুরো সীমান্ত এলাকা কেঁপে ওঠে। হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে গুলি এসে পড়ে। এতে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, “ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমারের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। কয়েকটি বাড়িতে গুলি পড়ার তথ্য পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
আরও পড়ুন: রাখাইন রাজ্যে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১
নাফ নদে একটি মর্টারশেল পড়ে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।
মিয়ানমারে সামরিক সরকারের নির্বাচনী প্রস্তুতির মধ্যে রাখাইনে সংঘর্ষ তীব্র হয়েছে। বিদ্রোহী আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় ভোট হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। এই সংঘর্ষের প্রভাবে বাংলাদেশ সীমান্তে আতঙ্ক বাড়ছে।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































