ঙ্গলবার (১ জুলাই ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। এই বৈঠকের বিষয়ে এতদিন প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশন (ইসি) থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা জানিয়েছি, নির্বাচন কমিশন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।”
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো কথা হয়নি।”
তবে, তিনি জানান, নির্বাচন কমিশন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করা হবে।”



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































