তালেবান সেনা নিহত-newsedge4

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করেছে, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশে চালানো বিমান হামলা ও সামরিক অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন তালেবান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০০-এর বেশি।

শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে চালানো এ অভিযানে কাবুল, কান্দাহার, পাকতিয়া, নানগারহার, খোস্ত ও পাকতিকা প্রদেশে মোট ২২টি স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এ অভিযান তালেবানের সীমান্ত পার হয়ে পাকিস্তানে হামলা, টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সদস্যদের আশ্রয় ও অস্ত্র সরবরাহের জবাবে চালানো হয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তান বহুবার কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেছে কিন্তু তালেবান কোনো সাড়া দেয়নি।

তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে তাদের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ গতকাল বলেছিলেন যে, পাকিস্তানি হামলার জবাবে ডুরান্ড লাইন বরাবর বড় ধরনের আক্রমণাত্মক অভিযান চলছে। কাবুল ও অন্যান্য শহরে রাতভর বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত। দুই দেশের মধ্যে সীমান্তে লড়াই অব্যাহত রয়েছে এবং আরও হামলার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ, ইরান, রাশিয়া ও চীন সহিংসতা বন্ধ করে সংলাপের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *