বিএনপি-bnp-newsedge4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবেন বলে মনে করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে ভোট দেবেন ৩১ শতাংশ ভোটার। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক জরিপে অংশ নেওয়া উত্তরদাতারা এমনটি মনে করছেন।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফল তুলে ধরা হয়। জরিপের প্রধান ফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার। ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে প্যানেল জরিপটি চালানো হয়। এতে মোট ৫ হাজার ১৪৭ জনের সফল সাক্ষাৎকার নেওয়া হয়।

জরিপের মূল ফলাফল

  • ভোটদানে আগ্রহ ও গণভোট: ৯৩.৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। গণভোটে প্রায় ৬০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন, ২২ শতাংশ এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন।
  • নির্বাচন ব্যবস্থাপনায় আস্থা: ৭২.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে—যা আগের রাউন্ডের তুলনায় বেশি। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতায় আস্থা বেড়ে ৭৪.৪ শতাংশে পৌঁছেছে। ৮২ শতাংশ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন।
  • এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ী: নিজ এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন—এমন প্রশ্নে ৫২.৯ শতাংশ বিএনপি প্রার্থীর নাম উল্লেখ করেন। ২৩.৮ শতাংশ অনিশ্চিত। আগের রাউন্ডের তুলনায় বিএনপির সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার ৭.৫ শতাংশ বেড়েছে।
  • ভোটারদের সিদ্ধান্ত: ৭৪.২ শতাংশ উত্তরদাতা কোন দলকে ভোট দেবেন সিদ্ধান্ত নিয়েছেন—যা আগের রাউন্ডগুলোর তুলনায় বেশি। নারী উত্তরদাতাদের ৬৯.৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
  • আওয়ামী লীগ ভোটারদের ভোট বণ্টন: আওয়ামী লীগ ভোটারদের ৩২.৯ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ১৩.২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন। ৪১.৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
  • প্রধানমন্ত্রী কে হবেন: ৪৭.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২২.৫ শতাংশ মনে করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২.৭ শতাংশ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নাম বলেছেন। ৫ শতাংশ মনে করেন এই তিনজনের কেউই হবেন না। ২২.২ শতাংশ বলেছেন এ মুহূর্তে বলা সম্ভব নয়।

জরিপে বলা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। তবে ভোটব্যাংকে অস্থিরতা রয়েছে এবং প্রচারণার ধরন অনুযায়ী দলীয় ব্যবধান কমে আসতে পারে।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’ পক্ষ নিতে পারবেন না: জনপ্রশাসন সচিব

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম. শাহান, ভয়েস ফর রিফর্ম-এর যুগ্ম আহ্বায়ক ফাহিমা খাতুন, ব্রেন-এর নির্বাহী পরিচালক শফিকুল রহমান, রাজনৈতিক বিশ্লেষক জ্যোতি রহমান এবং ইনোভেশন কনসাল্টিংয়ের পোর্টফোলিও ডিরেক্টর তাসমিয়া রহমান বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *