তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ মোট ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই দাসো ফ্যালকন-৫০ মডেলের জেটটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা এটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করে বিবৃতিতে জানান, এতে দেশের জন্য বড় ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন গ্রাউন্ড ফোর্সেস চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউই, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং মিলিটারি ফটোগ্রাফার মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। এছাড়া তিনজন ক্রু মেম্বারও নিহত হয়েছেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে উড্ডয়নের পর রাত ৮টা ৫২ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটি বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের অনুরোধ করেছিল। ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় আঙ্কারার হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে, রাজধানী থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে।
প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি; বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হচ্ছে। আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস তদন্ত শুরু করেছে। লিবিয়া সরকারও তদন্তে সহযোগিতার জন্য একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে। আল-হাদ্দাদ ও তার সঙ্গীরা তুর্কি সামরিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে ফিরছিলেন। এর একদিন আগে তুরস্কের পার্লামেন্ট লিবিয়ায় সেনা মোতায়েনের মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সম্মতি
দুর্ঘটনায় লিবিয়াজুড়ে শোকের ছায়া নেমেছে। সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে; সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সব আনুষ্ঠানিক কর্মসূচি স্থগিত করা হয়েছে।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































