প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন-newsedge24

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) তফসিল চূড়ান্ত করবে। বুধবার (৬ আগস্ট, ২০২৫) নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ইসি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, “যত কঠিন সময়ই আসুক, সবকিছু ঠিক থাকবে। সরকারের তরফ থেকে এখনো চিঠি পাইনি, তবে চিঠি না পেলেও কমিশনের প্রস্তুতি রয়েছে।”

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা চেয়ে তিনি বলেন, “ইসির দায়িত্ব হবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। নির্বাচনকে আয়নার মতো পরিষ্কার করতে চায় কমিশন। বিশ্ববাসীকে দেখাতে চায় আমাদের চেষ্টা ও আন্তরিকতায় কোনো ঘাটতি নেই।”

নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ইসির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “ম্যাসিভ অ্যাওয়ারনেসের মাধ্যমে ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে ইসি।” তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরও ভালো হবে।

আরও পড়ুন: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

নির্বাচনের আগে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পরিকল্পনার কথা উল্লেখ করে সিইসি বলেন, “ইসির এক মাসের পরিকল্পনা রয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, সব স্টেকহোল্ডারের সঙ্গে বসবে কমিশন।”

ইসির সামনে থাকা চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, “ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা এবং জনগণের মধ্যে ইসির প্রতি আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। ইসির নিরপেক্ষ কাজই জনগণের আস্থা ফিরিয়ে আনবে।” তিনি আরও জানান, গুজব রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিচ্ছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *