নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওভাল অফিসে বৈঠক সম্পন্ন হয়েছে। কোনো উত্তেজনা ছাড়াই বৈঠকটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এর আগে ট্রাম্প মামদানিকে ‘শতভাগ কমিউনিস্ট লুনাটিক’ বলে আক্রমণ করলেও বৈঠকে একেবারে ভিন্ন চিত্র দেখা গেছে। ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে এতটা মিল থাকবে ভাবিনি।” তিনি মামদানিকে ‘মিস্টার মেয়র’ বলে সম্বোধন করেন এবং নিউইয়র্কের মেয়র হিসেবে তার সফলতা কামনা করেন।
বৈঠকে দুই নেতা জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও সাশ্রয়ী জীবনযাপনের মতো বাস্তব ইস্যুতে আলোচনা করেন। ট্রাম্প বলেন, “তার কিছু ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়।” তিনি দাবি করেন, তার কিছু সমর্থকও মামদানিকে ভোট দিয়েছেন। রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প নিউইয়র্কে আরও বেশি আবাসন নির্মাণের জন্য মামদানির আহ্বানকে বিশেষভাবে স্বাগত জানান।
আরও পড়ুন: রাশিয়ান আগ্রাসন থামাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় প্রস্তুত জেলেনস্কি
তবে বৈঠকে অভিবাসন নীতি এবং গাজা যুদ্ধের মতো প্রধান মতবিরোধগুলো এড়িয়ে যান জোহরান মামদানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রজুড়ে ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগ বর্তমান জীবনযাত্রার ব্যয়। তাই এ বৈঠকে তারা শুধু আর্থিক ইস্যুতে মনোনিবেশ করেন, যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য লাভজনক হয়েছে।










































































































































































































































































































































































































































































































































