দেশজুড়ে ভূমিকম্পে-newsedge4

শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি ২৬ সেকেন্ড স্থায়ী ছিল এবং গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ভূমিকম্পে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন, যার ফলে ভবন ধস এবং আহতের ঘটনা ঘটে।

নরসিংদীতে সবচেয়ে বেশি ক্ষতি

নরসিংদীতে ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন। সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল আহত অবস্থায় মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হলে চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন। ঢামেকের পুলিশ ফাঁড়ির ওসি মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) নিহত হন। কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫)ও প্রাণ হারান। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত, এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢামেকে পাঠানো হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে ১০ জন আহত হয়েছেন।

ঢাকায় চারজন নিহত

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন। তারা হলেন রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহরাব হোসেন (১২)। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মুগদার মদিনা বাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১০ জন আহত হয়েছেন। বাড্ডা লিংক রোড, রামপুরার বৌ বাজার লোহার গেট এলাকায় কয়েকটি ভবন হেলে পড়া এবং পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে ভবনে ফাটল ধরার খবর পাওয়া গেছে।

নারায়ণগঞ্জে একজন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামের এক বছর বয়সী শিশু নিহত হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঢাকাসহ সারদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভুত, কেন্দ্র নরসিংদী

গাজীপুরের শ্রীপুরে আতঙ্কে বহুতল ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ডেনিমেক পোশাক কারখানায় দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। গাজীপুর জেলা সিভিল সার্জন মামুনুর রহমান জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩০ জন ভর্তি আছেন এবং ২০ জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে ১২ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের চিকিত্সা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলগুলো দ্রুত সাড়া দিয়েছে। সরকারের পক্ষ থেকে উদ্ধার ও সাহায্য কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *