দেশে ডেঙ্গু মহামারীর তীব্রতা কমছে না। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ৯২৮ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে সারাদেশে ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৯ হাজার ৩৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
এর আগে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি পর্যায়ে মশারি বিতরণ, লার্ভা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা কার্যক্রম চলছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, জনগণকে পর্যাপ্ত পানি সেবন এবং প্রাথমিক চিকিৎসায় মনোযোগী হতে।






























































































































































































































































































































































































































































































































































































