ডলার-newsedge24

ঘুম না আসায় গভীর রাতে মোবাইল ফোনে সময় কাটাতে গিয়ে লটারিতে ১ লাখ ৫০ হাজার ডলার জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকার সমান। এ খবর জানিয়েছে অনলাইন এনডিটিভি।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার মুরসভিল শহরের বাসিন্দা সু রাউলি লটারি কর্মকর্তাদের জানান, গত ৮ জুলাই রাতে তার ঘুম আসছিল না। সময় কাটানোর জন্য তিনি স্মার্টফোনে অনলাইনের তাৎক্ষণিক বা ডিজিটাল ইনস্ট্যান্ট লটারি খেলতে শুরু করেন। মাত্র ৩০ ডলারের একটি টিকিটে নতুন ‘টাম্বলিং ট্রেজার্স’ গেমে অংশ নিয়েই তিনি জিতে নেন বিশাল এই পুরস্কার।

লটারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাউলির মতো এত বড় অঙ্কের পুরস্কার জেতার সম্ভাবনা ছিল ২০ লাখে মাত্র ১টি। রাউলি জানান, মোবাইলের পর্দায় ফলাফল দেখেও প্রথমে তিনি তা বিশ্বাস করতে পারেননি। তিনি বলেন, রাত অনেক হয়ে যাওয়ায় তিনি শুধু সময় কাটানোর জন্যই খেলছিলেন, হঠাৎ করেই এই জয় ঘটে যায় এবং এমন ঘটনা যেহেতু প্রতিদিন ঘটে না, তাই প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল তার।

গত ১৩ জুলাই র‌্যালিতে অবস্থিত লটারির প্রধান কার্যালয়ে গিয়ে পুরস্কারের অর্থ গ্রহণ করেন রাউলি। ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের কর কেটে নেওয়ার পর তার হাতে আসে ১ লাখ ৮ হাজার ২৩ ডলার। পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে রাউলি জানান, এই অর্থ দিয়ে তিনি নিজের বাড়ির কিছু সংস্কারকাজ করবেন।

আরও পড়ুন: টাইটানিকের স্মৃতিবাহী স্বর্ণঘড়ি নিলামে ২৮ কোটি টাকায় বিক্রি

উল্লেখ্য, গত মাসে মালয়েশিয়ায় এক বৌদ্ধ ভিক্ষুও রাতারাতি কোটিপতি হয়ে যান ব্যাংকের একটি সৌভাগ্য ড্রয়ে জিতে। ৭৩ বছর বয়সী চ্যান চাই সিয়াং, যিনি একসময় কারখানায় কাজ করতেন এবং বর্তমানে একটি আশ্রমে বসবাস করেন, ব্যাংক সিম্পানান নাসিওনালের লাকি ড্রয়ে জিতেছেন ১০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত। তবে এই জয়কে তিনি অলৌকিক কিছু মনে করেন না, বরং একে পূর্বজন্মের কর্মফলের প্রতিফলন বলে ব্যাখ্যা করেন। তিনি জানান, অর্থপ্রাপ্তির জন্য বিশেষ কোনো মানত বা প্রার্থনাও করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *