বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাট পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশ নিশ্চিত করতে নান্দনিকতা এবং ব্যবহারিক উপযোগিতার ওপর জোর দিতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) পাটভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য টেকসই বাজার প্রবেশ বিষয়ক বুটক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, “শুধু কৃত্রিম ফুল বা ফল তৈরি করে পাট পণ্য নিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয়। ফুল-ফলের মতো নান্দনিক পণ্য মানুষ দেখে খুশি হয়, কিন্তু কেনে না। বাজারে টিকতে হলে এমন পণ্য তৈরি করতে হবে, যা মানুষের ব্যবহারিক কাজে লাগে এবং তারা কিনতে আগ্রহী হয়।”
তিনি জানান, সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট পণ্যের প্রবেশের সুযোগ তৈরিতে কাজ করছে, এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ এই প্রচেষ্টার একটি অংশ। তিনি বলেন, “প্রাথমিকভাবে ৩০ লাখ পাটের ব্যাগ বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা পরে ১ কোটিতে উন্নীত করা হয়েছে। তবে, পাট ব্যাগ বাজারজাতকরণে ৩০ থেকে ৪০ শতাংশ ভর্তুকি দিতে হচ্ছে, যার জন্য অর্থের সংস্থান করা হয়েছে। কিন্তু উদ্যোক্তাদের প্রচেষ্টা সন্তোষজনক মনে হয়নি। একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে ৪ থেকে ৫ মাস লেগেছে, যা কাম্য নয়।”
উপদেষ্টা আরও বলেন, পণ্য বাজারজাতকরণে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—পণ্যের ব্যবহারিক উপযোগিতা, নান্দনিকতা এবং বাজারে প্রবেশের সক্ষমতা। উদ্যোক্তাদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।
আরও পড়ুন: দুর্গাপূজায় ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন
অনুষ্ঠানে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক মো. জাহিদ হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও অনুবিভাগের যুগ্মসচিব শায়লা ইয়াসমিন, গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট তারা মালহারে এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের প্রোজেক্ট কো-অর্ডিনেটর ডাক ডাং ব্রুস বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় পাট পণ্য নিয়ে কাজ করা ১০৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































