জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। গত মঙ্গলবারের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বোয়িংয়ের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের প্রস্তাব এবং ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের সংশোধিত খসড়া চুক্তি পর্যালোচনা করা হয়। প্রস্তাব অনুযায়ী, বিমানের জন্য ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৮টি বোয়িং ৭৮৭-১০ এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বোয়িং।
বোর্ড সভায় এ প্রস্তাবে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। এখন মূল্য, শর্তাবলী ও অন্যান্য ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিকুর রহমান বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘিকে চিঠি দিয়ে এ অনুমোদনের কথা জানিয়েছেন। চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত বিমান কোনো আর্থিক বা আইনি দায়ে আবদ্ধ হবে না।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানের আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে এবং দেশের বিমান পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯১ বার পেছাল
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর অংশ হিসেবে বোয়িং থেকে বড় অর্ডার দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। গত বছরের জুলাইয়ে ২৫টি বিমান কেনার কথা বলা হলেও যাচাই-বাছাই শেষে ১৪টিতে নীতিগত অনুমোদন দেওয়া হলো। এদিকে এয়ারবাসও বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































