বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর গভীর শোকে আচ্ছন্ন তারেক রহমান। বুধবার দাফন সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে মায়ের স্মৃতিচারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে তিনি লেখেন, “প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।”
তারেক রহমান আরও লেখেন, “গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু, এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লাখ লাখ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে—তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।”
আরও পড়ুন: মায়ের পক্ষ থেকে ক্ষমা এবং দোয়া কামনা করলেন তারেক রহমান
গত ৩০ ডিসেম্বর ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































