জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশের জেরে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর বিরুদ্ধে করা মানহানির মামলায় দ্বিতীয়বারের মতো হারলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার মামলাটি স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন ফ্লোরিডার একটি ফেডারেল আদালত। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ফ্লোরিডার আদালত জানিয়েছে, একজন জনপরিচিত ব্যক্তির মানহানির মামলা প্রমাণের জন্য প্রয়োজনীয় ‘প্রকৃত বিদ্বেষ’ (অ্যাকচুয়াল ম্যালিস) দেখাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। বিচারক ড্যারিন পি. গেইলস তার আদেশে লেখেন, প্রথম প্রচেষ্টার মতো এবারও তিনি ব্যর্থ হয়েছেন।
বিচারক সংবাদমাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনকে ‘সুপরিকল্পিত ও বিস্তারিত তদন্তের’ ফল হিসেবে উল্লেখ করেন। প্রতিবেদন প্রকাশের আগে ট্রাম্প এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিকদের প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন তিনি।
ট্রাম্পের আইনজীবীদের যুক্তি ছিল, এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করার পরও সংবাদমাধ্যমটির প্রতিবেদন প্রকাশ করা উচিত হয়নি। তবে বিচারক বলেন, মানহানির মামলায় ‘প্রকৃত বিদ্বেষ’ প্রমাণের আইনি মানদণ্ড এমন নয়। এ ধরনের যুক্তি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গেও সাংঘর্ষিক।
আরও পড়ুন: ইসরায়েলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে নেতানিয়াহু!
এর আগে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলাটি পুনরায় দায়ের করেছিলেন। তবে শনিবার মামলাটি ‘উইথ প্রেজুডিস’ বা স্থায়ীভাবে খারিজ করায় একই অভিযোগে এই আদালতে নতুন করে মামলাটি দায়েরের সুযোগ থাকছে না।



















































































































































































































































































































































































































































































































































































































































