সরাইল অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে, তবে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তারা কঠোর জবাব দেবে। অনলাইন বিবিসির প্রতিবেদনে ইসরাইল সরকারের বিবৃতির উল্লেখ করে বলা হয়, ইরানের বিরুদ্ধে হামলার মাধ্যমে ‘লক্ষ্য অর্জনের’ পরই তারা এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ইসরাইলের বিবৃতি অনুযায়ী, তারা ইরানের পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে, যা তাদের জন্য তাৎক্ষণিক অস্তিত্বগত হুমকি ছিল। এছাড়া, ইরানের সামরিক নেতৃত্বে ব্যাপক ক্ষতি সাধন এবং তেহরানের কেন্দ্রীয় সরকার পরিচালিত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী তেহরানের কেন্দ্রে সরকারি স্থাপনায় প্রচণ্ড হামলা চালিয়ে কয়েক শত বাসিজ সদস্যকে হত্যা করেছে। এই বাসিজ বাহিনী ইরান সরকার বিক্ষোভ দমন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে ব্যবহার করে। এছাড়া, একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার দাবিও করা হয়েছে। ইসরাইল যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের পরমাণু হুমকি নির্মূলে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে।
এর আগে, বাংলাদেশ সময় রাত ৪টায় ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ইরান ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সকাল ১১:০৮টায় তিনি আনুষ্ঠানিকভাবে জানান, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সকাল ১২:১০টায় ইসরাইল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের কথা জানায়। সোমবার দিবাগত রাতে ইরান জানায়, ইসরাইল হামলা বন্ধ করলে তারাও হামলা বন্ধ করবে।
যুদ্ধবিরতির আগে উভয় দেশই রাতভর ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে। ইরানে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। বিবিসির সাংবাদিকরা জানিয়েছেন, তেহরান একটি ভয়াবহ রাত পার করেছে। অন্যদিকে, ইসরাইল জানিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলের বিরশেভা শহরে কমপক্ষে ৪ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































