জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে চীন আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এবার লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন স্পষ্টভাবে জানিয়েছেন, সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
লাহোরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ঝাও বলেন, “চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে—বিশেষ করে নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে।” তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ কোনও সমাধান নয়। পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির পথ খুঁজে বের করা।
বৈঠকটি পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে অনুষ্ঠিত হয়। আড়াই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে জাতীয় ও আঞ্চলিক নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ঝাও বলেন, “চীন-পাকিস্তানের বন্ধুত্বের শিকড় গভীরে গাঁথা। প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে একইভাবে ভালোবাসা ও সম্মান দেখায়।”
আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। ঝাও বলেন, “পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয়, চীনের কাছে এক পরীক্ষিত বন্ধু। পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতাই আমাদের সম্পর্কের ভিত্তি।”













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































