ইরানের পাশে চীন-রাশিয়া-newsedge4

নিউইয়র্কে শুক্রবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু চীন ও রাশিয়া ইরানের পক্ষে দাঁড়িয়ে এই প্রস্তাবের বিরোধিতা করে। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় ওয়াশিংটন। কিন্তু রাশিয়া ও চীনের বাধার কারণে এই প্রস্তাব ভোটাভুটিতে ব্যর্থ হয়।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। চীন সরকার এই হামলায় নিহত ও আহতদের পরিবারের জন্য ২ লাখ ডলার জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে জানান, এই সহায়তা রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রদান করা হবে। তিনি বলেন, “স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সব সময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে।”

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিনাবের স্কুল হামলা এই সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি মানবিক ক্ষতির উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের এই সহায়তা ঘোষণা এবং নিরাপত্তা পরিষদে অবস্থান ইরানের প্রতি বেইজিংয়ের দৃঢ় সমর্থনের স্পষ্ট বার্তা দিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই ঘোষণার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *