ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির রূপরেখা প্রস্তাব করেছে পাকিস্তান। যদি এই প্রস্তাব গৃহীত হয়, তাহলে আগামী সোমবার থেকেই সংঘাতের অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান এই প্রস্তাবের একটি বিস্তারিত রূপরেখা তৈরি করে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। প্রস্তাবে দুই ধাপের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বিতীয় ধাপে একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদন।
রয়টার্স আরও জানায়, এই প্রস্তাব কার্যকর হলে একইসঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালির অচলাবস্থা কেটে যেতে পারে। বর্তমানে সংঘাতের কারণে এই প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ইরানের সঙ্গে সীমান্তবর্তী হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কারণে ইসলামাবাদ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































