সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান- জামাল খাসোগি-ডোনাল্ড ট্রাম্প-newsedge4

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (ইউরেনিয়াম এনরিচমেন্ট) সক্ষমতা অর্জনের সুযোগ দিতে একটি চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানানো হয়। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় তারা নাম প্রকাশে রাজি হননি।

সূত্রগুলোর মতে, বুধবারের মধ্যেই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। পাশাপাশি যৌথ মার্কিন-সৌদি সমীক্ষার ভিত্তিতে দেশটিতে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পথও খুলে যেতে পারে।

তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো হবে। সেখানে এটি বিরোধিতার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক আইনপ্রণেতার আশঙ্কা, সৌদি আরবকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দিলে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এবং বিস্তারের ঝুঁকি তৈরি হতে পারে।

সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্য। সংস্থাটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উৎসাহিত করার পাশাপাশি সদস্য দেশগুলো গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে কি না, তা তদারকি করে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্য চুক্তিতে আইএইএর অ্যাডিশনাল প্রটোকল অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এই প্রটোকল থাকলে আন্তর্জাতিক পরিদর্শন, নজরদারি ও যাচাই-বাছাইয়ের সুযোগ আরও বিস্তৃত হতো। ফলে বিষয়টি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এমন সময় এই চুক্তির ঘোষণা আসছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখাই এই অভিযানের অন্যতম লক্ষ্য। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

2 comments on “সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *