মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড এবং পেটেন্ট নেওয়া ওষুধ আমদানির উপর ১ অক্টোবর থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, “কোনো সংস্থা যদি যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদনের কারখানা না বসায়, তবে তাদের এই শুল্ক দিতে হবে।” তবে, যেসব সংস্থা কারখানা নির্মাণ শুরু করেছে বা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তারা এই শুল্ক থেকে অব্যাহতি পাবে। ট্রাম্প জানিয়েছেন, জাতীয় স্বার্থ ও অন্যান্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘোষণার ফলে ভারতের ওষুধের উৎপাদক ও রপ্তানিকারক সংস্থাগুলির উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ তারা যুক্তরাষ্ট্রের বাজারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২৪ সালে ভারত বিদেশে ২,৭৯০ কোটি ডলারের ওষুধ রপ্তানি করেছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিল ৮৭০ কোটি ডলারের ওষুধ। ২০২৫ সালের প্রথমার্ধেও যুক্তরাষ্ট্রে ৩৭০ কোটি ডলারের রপ্তানি হয়েছে।
আরও পড়ুন: সাধারণ পরিষদে বক্তৃতায় জাতিসংঘকে তীব্র কটাক্ষ ট্রাম্পের
ভারতীয় ওষুধ রপ্তানিকারকদের মধ্যে অনেকে তাদের উৎপাদিত ওষুধের ৩০ থেকে ৫০ শতাংশ যুক্তরাষ্ট্রে পাঠায়। ট্রাম্পের এই নীতি ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধের উপর শুল্ক আরোপের কথা বললেও, এর প্রভাব জেনেরিক ওষুধের বাজারেও পড়তে পারে। যুক্তরাষ্ট্রের গ্রাহকরা কম দামের কারণে ভারতীয় জেনেরিক ওষুধের উপর নির্ভর করে। শুল্ক বৃদ্ধির ফলে এই ওষুধের দাম বেড়ে গেলে ভারতীয় সংস্থাগুলি আর্থিক চাপে পড়তে পারে, কারণ তারা সাধারণত কম মুনাফায় যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































