হরমুজ প্রণালির কাছে ইরানের মাইন স্থাপনকারী ১৬টি নৌযান ধ্বংস করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি করে সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে জাহাজগুলোর ওপর হামলার দৃশ্য দেখা যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলা হোক। যদিও আমাদের কাছে এমন কোনো তথ্য নেই।” তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইনবাহী নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তিনি বলেন, “হরমুজ প্রণালিতে কোনো নৌকা বা জাহাজ যদি মাইন পেতে চেষ্টা করে, তাহলে তা ‘স্থায়ীভাবে ধ্বংস’ করতে যুক্তরাষ্ট্র একই প্রযুক্তি ব্যবহার করছে, যা মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়।”
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে দাবি করেছে, ওই নৌযানগুলো ইরানের মাইন স্থাপনের চেষ্টা করছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বিমান থেকে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।
হরমুজ প্রণালি পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ—প্রতিদিন প্রায় ২০ শতাংশ বিশ্ব তেল সরবরাহ এই পথ দিয়ে যায়। সম্প্রতি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ঘিরে ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটাকে লক্ষ্যবস্তু করা হবে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































