: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের বিরুদ্ধে তীব্র সমালোচনা জানিয়েছে রাশিয়া ও চীন। মস্কো বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তারা দেখেনি। বেইজিং অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে বলেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছিল।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সারের সঙ্গে ফোনে কথা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার বিরোধিতা করে চীন। যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছিল এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ নিয়েও সমাধানের পথ খোলা ছিল, তখন সামরিক পদক্ষেপের মাধ্যমে সেই প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক।”
ওয়াং ই আরও বলেন, “সংঘাতের বিস্তার ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি এড়াতে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে। শক্তি প্রয়োগে সমস্যার প্রকৃত সমাধান হয় না; বরং নতুন সমস্যা ও দীর্ঘমেয়াদি গুরুতর পরিণতি ডেকে আনে।” তিনি চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে গিদেয়ন সার সম্মতি প্রকাশ করেন।
এর আগে সোমবার ওয়াং ই ইরান, ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। চীনের লক্ষ্য—দ্রুত অবনতি হওয়া আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল করা। বেইজিং ইরানকে ‘বন্ধু রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে এবং তেহরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে, তবে প্রতিশোধমূলক পদক্ষেপের পক্ষে নয়।
আরও পড়ুন: ইরান সংকটে চীনের উদ্বেগ, যুদ্ধবিরতির আহ্বান বেইজিংয়ের
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে বলেন, “তাদের এই যুদ্ধ উল্টো সেই ফল বয়ে আনতে পারে, যা তারা ঠেকাতে চায়—অর্থাৎ পারমাণবিক অস্ত্র বিস্তার।” এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ রাশিয়া দেখেনি। তিনি দাবি করেন, এই হামলা কূটনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে এবং ইরানে এমন শক্তির উত্থান ঘটাতে পারে, যারা পারমাণবিক বোমা অর্জনের পক্ষে অবস্থান নেবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































