ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত একটি ইরানি যুদ্ধজাহাজকে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলায় ডুবিয়ে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাহাজটি ভেবেছিল আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ রয়েছে। কিন্তু সেটি টর্পেডোর আঘাতে ডুবে গেছে। তিনি কোন জাহাজটিতে হামলা হয়েছে তা স্পষ্ট করে বলেননি।
এর আগে শ্রীলঙ্কা নৌবাহিনী জানায়, ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ভারত মহাসাগরে ডুবে গেছে। জাহাজটিতে প্রায় ১৪০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল সাম্পাথ থুইয়াকোন্থা বিবিসিকে জানিয়েছেন, ডুবে যাওয়া ইরানি জাহাজটি থেকে এখন পর্যন্ত ৮০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: অবিলম্বে ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়া-চীনের
এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ভারত মহাসাগরে ছড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের সামরিক হামলা আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































