বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা-newsedge24

তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুক্রবার (১১ জুলাই ২০২৫) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের সার্বিক বাণিজ্য পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুই দেশের বাণিজ্য ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি প্রকাশ করেছে, যা ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ শুল্কের ক্ষেত্রে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পরিবেশ প্রত্যাশা করছে। গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্প আরও ৭ টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিলেন

ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী সরাসরি উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ, অর্থ, উদ্ভাবন ও বিনিয়োগ বিষয়ক সিনিয়র কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় বেশ কিছু বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তৃতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *