বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডা. এস জয়শঙ্কর শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন। বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।
সাক্ষাৎ শেষে ফেসবুকে দেওয়া এক পোস্টে এস জয়শঙ্কর লেখেন, “ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তাকে হস্তান্তর করেছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছি। আস্থা প্রকাশ করছি, খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে পথ দেখাবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্করই প্রথম ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা সফর করেন। বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।



































































































































































































































































































































































































































































































































































































































