যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার সেবায় পাশে থাকতে চান বলে জানিয়েছেন তিনি।
তবে প্রশাসনিক সূত্রে বলা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা মতপার্থক্যের কারণেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
শুক্রবার তুলসি গ্যাবার্ড ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করে পদত্যাগের সিদ্ধান্ত জানান। আগামী ৩০ জুন থেকে এই পদত্যাগ কার্যকর হবে।
এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত পদত্যাগপত্রে তুলসি গ্যাবার্ড লিখেছেন, “দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় আমি আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, স্বামীর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে তাকে একা ফেলে রেখে এই দায়িত্ব পালন করতে পারবেন না।
আরও পড়ুন: রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করল যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানিয়েছেন, প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেবেন। ট্রাম্প তুলসি গ্যাবার্ডের কাজের প্রশংসা করে বলেন, “তিনি দারুণ কাজ করেছেন।”

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































