ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি একইসঙ্গে জানিয়েছেন, তেহরান এই সংঘাত আর চালিয়ে যেতে চায় না।
বৃহস্পতিবার ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, “আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই না। যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা এটি শেষ করতে চায় কি না।”
এর এক দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যুদ্ধের অবসান কীভাবে হবে, তা নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চুক্তি না হলে তিনি ইরানকে ‘ধ্বংস করে দিতে’ পারেন। তবে একইসঙ্গে সমঝোতার সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর বর্তমান যুদ্ধের সূত্রপাত হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































