ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আবারও আটক হয়েছেন সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।
রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মার্গে পৌঁছানোর পর তাকে আটক করেছে পুলিশ। সেখানে উপস্থিত বিবিসির সংবাদদাতা রাঘবেন্দ্র রাও নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিক্ষোভস্থলে বেশিক্ষণ অবস্থান করতে পারেননি নেহা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে তাকে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
গত ২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। বিক্ষোভে অংশ নেওয়ার পর প্রায় প্রতিবারই তাকে আটক করেছে পুলিশ।
শনিবারও দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পুলিশি পাহারার মধ্যে আকস্মিকভাবে সেখানে পৌঁছে বিক্ষোভে অংশ নেন তিনি। পরে তাকে আটক করা হয়।
রোববার অবশ্য কৌশল বদলান নেহা। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর নির্ধারিত স্থানে পৌঁছে বিক্ষোভে অংশ নেন। তবে শেষ পর্যন্ত এদিনও পুলিশের হাতে আটক হতে হয় তাকে।
আরও পড়ুন: দিল্লিতে ব্যাপক ধরপাকড়, ইউটিউবার ধ্রুব রাঠি আটক
আন্দোলনকারীরা দাবি করছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ছাত্র-যুব সংগঠনসহ বিভিন্ন মহলের মানুষ রাস্তায় নেমেছে। নেহা বোরা এই আন্দোলনের অন্যতম সক্রিয় নেতৃত্ব হিসেবে সামনে এসেছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের কোনো অবৈধ কর্মকাণ্ডের সুযোগ না দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে আন্দোলনকারীরা অভিযোগ করছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে।



































































































































































































































































































































































































































































































































































































































