ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আবেগঘন কণ্ঠে তিনি লেবার পার্টির নেতার পদও ত্যাগ করেছেন বলে জানান। রাজা তৃতীয় চার্লসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।
সোমবার এক বিবৃতিতে স্টারমার বলেন, লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে নেতৃত্ব নির্বাচনের সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি। ৯ জুলাই থেকে মনোনয়নপত্র গ্রহণ শুরু হবে। প্রতিদ্বন্দ্বিতা না হলে জুলাইয়ের মাঝামাঝি এবং প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বরের শুরুতে নতুন নেতা নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।
হাউস অব কমন্সের গ্রীষ্মকালীন অবকাশ ১৬ জুলাই শুরু হওয়ায়, প্রতিদ্বন্দ্বিতা না হলে অ্যান্ডি বার্নহ্যাম আগামী মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।
বিদায়ী বক্তব্যে স্টারমার তার নেতৃত্বকালের অর্জনগুলো তুলে ধরেন। তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী হয়েছে, মজুরি বেড়েছে, এনএইচএসে অপেক্ষমাণ রোগীর সংখ্যা কমেছে, শ্রমিক-ভাড়াটিয়াদের অধিকার বৃদ্ধি পেয়েছে, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো হয়েছে এবং অবৈধ অভিবাসন কমেছে। পাঁচ লাখ শিশু দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ৬০ দিনের রোডম্যাপে সম্মতি
বক্তব্যের শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। কণ্ঠ ভারী হয়ে আসে এবং চোখে অশ্রু দেখা যায়। তিনি উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। সহকর্মী, সিভিল সার্ভিস, স্ত্রী ভিক্টোরিয়া ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনিবেশ করব— একজন ভালো স্বামী ও বাবা হওয়ার চেষ্টা করব।”













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































