তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতের কারণে তার দেশ এখন ‘অগ্নি বলয়ে’ ঘেরা। আর এ অস্থিতিশীলতা সৃষ্টিতে সরাসরি ইসরায়েলকে দুষলেন তিনি।
মঙ্গলবার রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্টের কার্যালয়ে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এরদোয়ান বলেন, প্রতিবেশী ইরানকে ঘিরে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হওয়ার আগেই এবার ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হয়েছে। তিনি বলেন, আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা আঞ্চলিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।
লেবাননের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। তার ভাষায়, দেশটির পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়।
তবে সিরিয়া থেকে কিছু ইতিবাচক খবর এলেও সেখানে অস্থিরতা সৃষ্টিতে ইসরায়েল সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন এরদোয়ান। তিনি বলেন, সিরিয়া থেকে কিছু ইতিবাচক খবর পাওয়া গেলেও ইসরায়েল সেখানে সমস্যা উসকে দিতে তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছে।






































































































































































































































































































































































































































































































































































































































