যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনার জন্য ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে তারা ইসলামাবাদে পৌঁছান বলে ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার (১০ এপ্রিল) জানিয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
টানা ৪০ দিন যুদ্ধের পর বুধবার (৮ এপ্রিল) রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা। তবে লেবাননে ইসরায়েলের নতুন হামলার কারণে এ আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে লেবাননে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম কান দাবি করেছে, ইরান ইতোমধ্যে ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুদ্ধবিরতির ঘোষণার সময় বলেছিলেন, লেবাননও এর আওতায় থাকবে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে লেবাননে ব্যাপক হামলা চালান।
এদিকে লেবাননে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































